গাজীপুরের শ্রীপুরে পুড়ে যাওয়া মেঘনা গ্রুপের এম এন্ড ইউ ট্রিমস লিমিটেড নামক বোতাম তৈরির কারখানায় ধ্বংসস্তুপ থেকে তিন লাশ উদ্ধার করা হয়েছে। এর সত্যতা নিশ্চিত করেছেন শ্রীপুুর থানার অফিসার ইনচার্জ মোঃ জয়নাল আবেদীন মন্ডল। এ নিয়ে অগ্নিকান্ডের ঘটনায় মোট তিনজন নিহত হয়েছে। নিহতেরা সবাই রঙ মিস্ত্রি বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
নিহতেরা হলেন,মোঃ মজমুল হক (২১), পিতা মোহাম্মদ বাবলু, গ্রাম- তালুকহারাটি, থানা সদর জেলা-লালমনিরহাট,মোঃ সোহাগ সরকার (৩২), পিতা -মৃত আব্দুর রউফ সরকার, গ্রাম- লোহাচড়া, থানা -হাকিমপুর, জেলা- দিনাজপুর এবং শাওন(২২), পিতা- রফিক মাতুব্বর, গ্রাম -মহরতপুর, থানা -মোকসেদপুর, জেলা- গোপালগঞ্জ।
কারখানার উৎপাদক ব্যবস্থাপক মোঃ আব্দুর রহমান জানান, মৃত তিনজনই রংমিস্ত্রি ছিলেন। রবিবার মধ্যাহৃ বিরতির সময় কারখানার সকল শ্রমিক বাহিরে ছিলেন, শুধু রংমিস্ত্রিরা কর্মরত ছিলেন। এসময় হঠাৎ কারখানার ওয়েস্টেস কেমিক্যাল গুদামে আগুন লাগে। মুহূর্তেই তা পাশের ওয়েস্টিজ গুদামে ছড়িয়ে পরলে কারখানায় কর্মরত রংমিস্ত্রিরা দগ্ধ হয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জয়নাল আবেদীন মণ্ডল জানান, কারখানার ভিতর থেকে রবিবার একজনের মরদেহ উদ্ধার করা হয় এবং আগুন নিয়ন্ত্রণে আসার পর সোমবার সকালে আরও দুই জনের দগ্ধ মরদেহ পাওয়া গেছে।
এ কারখানায় অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত