গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর -বরমী আঞ্চলিক সড়কের চেরাগ আলী মাজারের পাশে গাছ ফেলে ডাকাতির ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আটক হয়েছেন ৪ ডাকাত সদস্য। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ওই সড়কের মাজার এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।
নিহত দুজনের মধ্যে একজন ডাকাত সদস্য মো. আরিফ হোসেন (২২)। সে কুমিল্লা জেলার হাবিবুর রহমানের ছেলে। অপরদিকে এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার সময় মৃত্যু হয়েছে আবুল কালাম (৩০) নামের এক সিএনজি চালক। সে শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে। ঘটনার সময় তিনি ওই সড়ক হয়ে মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন।
পিকআপ চালক শফিকুল ইসলাম বলেন,শ্রীপুরের এমসি বাজার থেকে একটি পিকাআপ নিয়ে বরমী যাচ্ছিলেন। পথে সাতখামাইর বাজারের অদূরে মাজার এলাকায় পৌঁছালে ১০-১২ জনের ডাকাত দল তাদের গাড়ির গতিরোধ করে। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা পয়সা নিয়ে যায় তারা। একই সময় ওই সড়কে অন্যান্য গাড়ি থেকেও ডাকাতি করছিল ডাকাত সদস্যরা। এক পর্যায়ে ভুক্তভোগী সবাই মিলে চিৎকার শুরু করে। তারা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করতে শুরু করে।
এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। সম্মিলিতভাবে ডাকাত দলের ৪ সদস্যকে আটক করে ফেলেন তারা। এ সময় গাড়ির আঘাতে আরিফ হোসেন এক ডাকাত সদস্য গুরুতর আহত হন। অপরদিকে ডাকাত দলের হামলায় সিএনজি অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন।
পরে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আহত ডাকাত আরিফ মারা যায়। মুমূর্ষু অবস্থায় সিএনজি চালক আবুল কালামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক জানান, চার ডাকাত সদস্য পুলিশের হাতে আটক আছে। গাড়ির আঘাতে এক ডাকাত সদস্যের মৃত্যু হয়েছে। আহত সিএনজি চালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর হয়েছে। বাকি ডাকাতদের গ্রেফতারের চেষ্ঠা চলছে।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত