
গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে ভোররাতে ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় সাত ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও তিনটি গোডাউন সম্পূর্ণ পুড়ে গেছে। বর্তমানে আগুনের পুনরুত্থান ঠেকাতে ফায়ার সার্ভিসের ডাম্পিং কার্যক্রম চলছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে কোনাবাড়ী থানাধীন বাগানবাড়ী এলাকার ছাপড়া মসজিদ সংলগ্ন ইয়াসিন ইন্টার প্রাইজ নামের একটি ঝুট গোডাউনে আগুনের সূত্রপাত হয়। দাহ্য ঝুটের কারণে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরও দুটি গোডাউনে।
প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরবর্তীতে সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট যোগ দিলে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও ঝুটজাত দ্রব্যে আগুন থাকায় সম্পূর্ণ নির্বাপণে অতিরিক্ত সময় লাগছে। বর্তমানে ঘটনাস্থলে তিনটি ইউনিট ডাম্পিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
কোনাবাড়ী ফায়ার সার্ভিস ওয়ারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পাঁচটি ইউনিট পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণ নির্বাপণে আরও সময় লাগতে পারে। এখনো তিনটি ইউনিট সতর্ক অবস্থায় কাজ করছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে গোডাউনে থাকা বিপুল পরিমাণ ঝুট পুড়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু করেছে।
এ ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে। শিল্প এলাকায় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ঝুট গোডাউনগুলোতে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত