
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে রফিক মিয়া (৩৮) নামে এক বালু ব্যবসায়ীর ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটা ও সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন এ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের বাগেরবাজার এলাকায় ধরলা নদী থেকে ট্রাক্টর দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি বালু ব্যবসায়ী সিন্ডিকেট।
খবর পেয়ে সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন অবৈধ বালু উত্তোলন বন্ধে সেখানে পুলিশসহ অভিযান পরিচালনা করেন। এ সময় বালু উত্তোলনকারী সিন্ডিকেটের মুলহোতা
রফিক মিয়াকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে নগদ এক লক্ষ টাকা জরিমানা দিয়ে তিনি মুক্তি পান। আটক রফিক মিয়া জেলার উলিপুর উপজেলার পাঁচপীর ইউনিয়নের গোড়াই মুন্সিপাড়ার মৃত: আকবর আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে একজনের ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত