গাজীপুরের শ্রীপুরে কাঁঠাল গাছের মগ ডালে দুই পা বাঁধা অবস্থায় মোহন (১৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ জুন) সকালে উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোহন মাওনা উত্তর পাড়া গ্রামের মোস্তফার ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মোহন দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন। শুক্রবার রাত ৯টার দিকে তিনি রাতের খাবার খেয়ে বাইরে বের হন। এরপর রাতে আর ঘরে না ফিরলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। সকালে বাড়ির দক্ষিণ পাশে একটি কাঁঠাল গাছে গামছা ও প্লাস্টিকের রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মোহনের ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তার দুই পা বাঁধা ছিল। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
নিহত মোহন আগে মির সিরামিক কারখানায় শ্রমিকের কাজ করত। রোজার ঈদের পর একবার মাদক মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। কোরবানির ঈদের এক সপ্তাহ আগে তিনি জামিনে মুক্ত হন। মুক্তির পর থেকে পারিবারিক বিষয়ে প্রায়ই ঝগড়া করতেন।
মোহনের বড় ভাই কাজল বলেন, ঈদের আগে জেল থেকে আসার পর থেকে সে অস্বাভাবিক আচরণ করত। শুক্রবার রাত ৯টার দিকে খেয়ে বাইরে বের হয়। এরপর আর ফিরে আসেনি। সকালে পাশের বাড়ির ভাবি জানায়, সে গাছে ঝুলছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল বারিক জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত