
গাজীপুরের শ্রীপুর উপজেলার নিজমাওনা গ্রামের মাক্কির মোড় এলাকায় সরকারি সার পাচারের সময় স্থানীয়রা একটি সারবোঝাই পিকআপ আটক করেছে।
শুক্রবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আটকের পর স্থানীয়রা গাড়ি ও সারের বস্তাগুলো পুলিশের কাছে হস্তান্তর করেন।
স্থানীয় বাসিন্দা শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য আবু বক্কর সিদ্দিক বলেন, স্থানীয় কৃষকদের জন্য কৃত্রিম সংকট তৈরি করতে সরকারি সার বাইরে পাচারের চেষ্টা করা হচ্ছিল। আমরা স্থানীয়দের সঙ্গে নিয়ে পিকআপটি আটক করে পুলিশের কাছে দিয়েছি। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক পিকআপে বিএডিসির লগোযুক্ত ৫০ কেজি ওজনের ৮০ বস্তা সরকারি ইউরিয়া সার পাওয়া গেছে। সারগুলো স্থানীয় ডিলার আফির উদ্দিন ও জসিম উদ্দিনের মাধ্যমে টাঙ্গাইলের তকতারচালা এলাকায় পাচারের চেষ্টা চলছিল। তবে পিকআপের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
মাওনা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাইনুদ্দিন বলেন, ‘জব্দ করা সার ও গাড়ি থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শ্রীপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেয়েছিলেন। পরে সার ও পিকআপ জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, ‘মায়ের দোয়া এন্টারপ্রাইজ’ নামের সারের ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিএডিসি গাজীপুরের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, সরকারি সার ডিলার পর্যায়ে পৌঁছানোর পর এর মনিটরিংয়ের দায়িত্ব উপজেলা কৃষি অফিসের বলে জানান তিনি।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত