কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫৮ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান আটক করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ও পিকআপ ফেলে পালিয়ে গেছে চালক।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় পুলিশের রাত্রিকালীন চেক পোষ্টে পিকআপটিকে থামাতে বলা হলে সেটি সিগন্যাল উপেক্ষা করে দ্রুত পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করার সময় চালক দ্রুতগতিতে কিছুদুর গিয়ে রাস্তার ধারে গাছের আড়ালে পিকআপটি রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ৫৮ কেজি গাঁজাসহ পিকআপটি জব্দ করে ফুলবাড়ী থানায় নিয়ে আসে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ মোজাফফর হোসেন বলেন, ফুলবাড়ী থানা এলাকায় ৫৮ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ করা হয়েছে। পলাতক পিকআপ চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত