ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্ক্সে এক ওষুধ কোম্পানির প্রতিনিধিকে (রিপ্রেজেন্টেটিভ) রোগী দেখতে বাধা দেওয়ায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শরীফ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের প্রতিনিধি মোহাম্মদ মহসিনের বিরুদ্ধে নলছিটি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।
অভিযোগে বলা হয়েছে, মোহাম্মদ মহসিন দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসক ও কর্মচারীদের বিরক্ত করছেন। তিনি জরুরি বিভাগ ও স্যাকমো কক্ষে গিয়ে নিজেই রোগী দেখেন। বিষয়টি নজরে এলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলী পারভীন তাকে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মহসিন হুমকি দিতে শুরু করেন।
গত ১৭ জুন প্রধান নির্বাহীর কক্ষে প্রবেশ করে আউট সোর্সিংয়ের নিয়োগ সংক্রান্ত কাগজপত্র দেখতে চান মহসিন। সেগুলো সিভিল সার্জন অফিসে রয়েছে জানালে, প্রধান নির্বাহী মিজানুর রহমানকে হাত-পা ভেঙে ফেলার হুমকি দেন তিনি।
মো. মিজানুর রহমান বলেন, মোহাম্মদ মহসিন দীর্ঘদিন ধরে সাংবাদিকতার ভয় দেখিয়ে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দিয়ে আসছেন। এমনকি ফেসবুকে স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলী পারভীন বলেন, মহসিন অবৈধভাবে রোগী দেখছেন। নিষেধ করার পরও উল্টো ফেসবুকে অপপ্রচার চালাচ্ছেন এবং অফিসের কর্মচারীদের হুমকি দিচ্ছেন।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত