
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী অফিসার ঊর্মি রায় বলেছেন, সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজকে রক্ষা করতে শুধু প্রশাসন নয় সচেতন মহলকেও এগিয়ে আসতে হবে। অপরাধ থেকে সন্তানদের মুক্ত রাখতে তিনি প্রত্যেক অভিভাবককে আরো সচেতন ও সতর্ক হওয়ার আহবান জানান।
ইউএনও ঊর্মি রায় বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ব্যক্তি মালিকানাধীন টিলাসহ সকল প্রকারের টিলাকাটা বন্ধে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি ও সচেতন সমাজকেও ভূমিকা রাখতে হবে।
গতকাল ১৫ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলা প্রশাসন কনফারেন্স হলে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
সভায় অন্যদের মধ্যে অংশ নেন মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ মামুন খান, মোগলাবাজার থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান, দক্ষিণ সুরমা থানার ওসি মোঃ মিজানুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সালাহ উদ্দিন মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রোমান মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রাণী মোদক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, উপজেলা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রীমা দাশ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক, এভিসিবি-৩-এর উপজেলা সমন্বয়কারী মোছাঃ মরিয়ম সুলতানা, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আব্দুল আজিজসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা।
সভায় সিলেট নগরির যানজট দূরীকরণ এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে জেলা ও সিটি প্রশাসন কর্তৃক ভাসমান হকারদের পুনর্বাসন এবং প্রতিটি ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলা হয়, এই কার্যক্রমকে নগরির দক্ষিণাংশ পর্যন্ত বিস্তৃত করলে দক্ষিণ সুরমা উপজেলাবাসীও এ থেকে উপকৃত হবে।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত