
গাজীপুর সাফারি পার্কের সর্বশেষ একমাত্র জিরাফটি টিবি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। জিরাফটির মৃত্যুর কারনে সাফারি পার্কটি এখন জিরাফ শূন্য।
গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জিরাফটির মৃত্যু হলেও শনিবার (২৫ অক্টোবর) গণমাধ্যমকে তথ্যটি জানালো পার্ক কর্তৃপক্ষ।
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান জানান, দীর্ঘদিন যাবত সাফারি পার্কের সর্বশেষ জিরাফটি টিবি আক্রান্ত হয়ে অসুস্থ ছিল। জিরাফটিকে সুস্থ করতে ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। মেডিকেল বোর্ডের সব চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার পার্কের ভেতরেই মৃত্যু হয় জিরাফটির। মৃত্যুর পর জিরাফটির ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। তারপর পার্কের ভেতরেই জিরাফটিকে মাটি চাপা দেওয়া হয়।
জিরাফ মৃত্যুর ঘটনায় গাজীপুরের শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন পার্ক কর্তৃপক্ষ। এ ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক।
পার্ক সূত্রে জানা গেছে, ২০১৩ সালে পার্ক প্রতিষ্ঠার সময় দুই দফায় দক্ষিণ আফ্রিকা থেকে ১০টি জিরাফ আনা হয়। আন্তর্জাতিক প্রাণী বিপণন প্রতিষ্ঠান ফ্যালকন ট্রেডার্সের মাধ্যমে জিরাফগুলো আমদানি করে কর্তৃপক্ষ। এরপর ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে আরও চারটি জিরাফ বাচ্চা দেয়। অন্যদিকে ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে রোগাক্রান্ত হয়ে বেশ কিছু জিরাফ মারা যায়। সর্বশেষ এই একটি স্ত্রী জিরাফ টিকে ছিল। এটির মৃত্যুর পর পার্কে আরো কোন জিরাফ নেই।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত