কলাপাড়ায় খাবারে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে স্বর্ণ ও টাকা লুটের অভিযোগ পাওয়াগেছে। মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামইরতলা গ্রামের বাসিন্দা মোঃ মিজানুর ঘরামীর বাড়িতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায়,মিজানুর ঘরামীর নগদ টাকা ও স্বর্ণালংকার সহ মোট ৫ লক্ষ টাকা খোয়াগেছে বলে মিজানুরের স্ত্রী দাবি করেছে। ওই রাতে খাবার খেয়ে অজ্ঞান হওয়া মিজানুর ঘরামী সহ ৫ জনকে বুধবার স্থানীয়রা অসুস্থ অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। এরা হলেন,মিজানুর ঘরামী (৩৮) তার শ্বশুর হামিদ বাঘা (৯০) শাশুড়ী খাদিজা (৬০) ভায়রার মেয়ে মারুফা (২৩) ও মিজানুরের ছেলে জিহাদ (১১)।
ঘটনার বিষয়ে মিজানুরের বাড়িতে বেড়াতে আসা স্বজন মারুফা বলেন,তার খালু ও খালাতো ভাই রাতের খাবার খাওয়ার কিছুসময় পরই ঘুমিয়ে পরেন। এরপর রাত ১১ টার দিকে তিনি ও তার নানি খাবার খান। এর কিছু সময় পর তারাও ঘুমিয়ে পরেন। সকালে পার্শ্ববর্তীরা এসে দেখেন ঘরের দরজা খোলা কোন লোকের সাড়া নেই। ঘরে ঢুকে দেখেন সবাই ঘুমিয়ে আছে। পাশের বেড়াকাটা, সোকেচ এলোমেলো।
মিজানুরের স্ত্রী ছাবিনা বলেন তিনি ওই রাতে বাড়িতে ছিলেন না। সকালে এঘটনার খবর শুনে এসেছেন। তিনি আরও বলেন,তাদের খাবারের ঘর আলাদা। তাই অনুমান করছেন খাবারে চেতনানাশক মিশিয়ে চোর তাদের ঘরের টাকা ও স্বর্ণালংকার চুরি করেছে।
কলাপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল বলেন,ঘটনাটি শুনেছি তবে কোন অভিযোগ পাইনি। পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত