
পানি সম্পদ মন্ত্রী মো: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, চৌক্কার খাল শুধু একটি জলাধার নয়-এটি একটি ইতিহাস, একটি স্মৃতি এবং হাজারো মানুষের জীবন-জীবিকার সঙ্গে জড়িয়ে থাকা বাস্তবতা। খালের নাব্যতা ফিরিয়ে এনে কৃষি ও সেচব্যবস্থাকে সচল করতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে। রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবদ্দশায় খাল খনন করে দেশের মানুষের মনে স্থান করে নিয়েছেন, খাল খননের মাধ্যমে স্বনির্ভরতা অর্জন করার মানুষ তাঁকে চিরস্মরণীয় করে রেখেছে। তাই দেশের খালের দখল-দূষণ প্রতিরোধে উদ্যোগ নেয়া হবে।
সোমবার দুপুরে গাজীপুরের শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক চৌক্কার খাল পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
পানি সম্পদ মন্ত্রী বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবদ্দশায় এই কর্মসূচিটি শুরু করেছিলেন এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তা অভাবনীয় সাফল্য পেয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন কারণে এই ধারাবাহিকতা বজায় রাখা হয়নি।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারে অত্যন্ত সুস্পষ্টভাবে ক্যাটাগরিক্যালি বলেছেন যে, আমরা ২০ হাজার কিলোমিটার খাল ও জলাশয় পুনঃখনন করব। এটি কেবল একটি সরকারি প্রকল্প নয়, এটি জনগণের বেঁচে থাকার লড়াই। বর্তমান সরকার জিয়াউর রহমানের সেই অসমাপ্ত কাজকে পূর্ণতা দিতে বদ্ধপরিকর।’
পানিসম্পদ মন্ত্রী জানান, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে সরকার ১৮০ দিনের একটি ‘প্রায়োরিটি বেসিস’ অ্যাকশন প্ল্যান গ্রহণ করেছে। ইশতেহার অনুযায়ী সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি বিএনপি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার (টপ-প্রায়োরিটি)।
তিনি আরো বলেন, ‘ইতোমধ্যে দেশের বিভিন্ন জায়গায় খাল খনন কাজ শুরু করে দিয়েছি। মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, মাঠ পর্যায়ে তদারকি শুরু হয়েছে।’
গতকাল সোমবার (২ মার্চ) দুপুরে শ্রীপুর উপজেলার চৌক্কার খাল সরেজমিন ঘুরে দেখেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এমপি ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমদ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের শীর্ষ নেতৃত্ব। খাল পরিদর্শন শেষে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু এমপি, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইশরাক আহমেদ সিদ্দিকী।
শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মোতালেবের সভাপতিত্বে এবং শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন- শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা এস এম রুহুল আমীন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির সরকার ও সাধারণ সম্পাদক মো. খাইরুল কবির, আজাদ মন্ডল, শরীফ মোহাম্মদ সিদ্দিকী সহ স্থানীয় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ নদী ও প্রকৃতি ফাউন্ডেশন, বাংলাদেশ নদী পরিব্রাজক দল, শ্রীপুর সাহিত্য পরিষদ ও শ্রীপুর পৌর সচেতন নাগরিক ফোরাম মিলে মন্ত্রীকে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত