মোংলা পৌর শ্রমিক দলের নেতারা অভিযোগ করেছেন, এনসিপির ব্যানারে আওয়ামী লীগপন্থী একটি চক্র মোংলা বন্দরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১১টায় মে দিবস উপলক্ষে আয়োজিত এক পথসভায় নেতারা এসব বক্তব্য দেন।
এর আগে মোংলা পৌর শ্রমিক দলের উদ্যোগে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর চত্বরে এসে শেষ হয়।
সভায় নেতারা অভিযোগ করেন, গত ২৯ এপ্রিল এনসিপির ব্যানারে আওয়ামী লীগের দোসর সুবিধাবাদী মাদকসেবী তিতুমীর মোংলা শ্রমিক সংঘ চত্বরে তাদের প্রস্তুতিমূলক সভায় পরিকল্পিত হামলা চালায়। এতে শ্রমিক দলের অন্তত এক ডজন নেতা-কর্মী আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নেতারা বলেন, হামলার পর উল্টো এনসিপির পক্ষ থেকে ঢাকায় গিয়ে শ্রমিক দল ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে এবং বিক্ষোভ মিছিলও করা হয়েছে। ওই মিছিলে মিডিয়ার মাধ্যমে নিষিদ্ধ সংগঠন মোংলার ছাত্রলীগের নেতৃবৃন্দকেও অংশ নিতে দেখা গেছে, যা অত্যন্ত দুঃখজনক।
হাস্যকরভাবে, এনসিপি সেই মিছিল থেকেই দাবি করেছে যে, হামলার ঘটনায় তাদের তিনজন কর্মী অপহৃত হয়েছেন। অথচ এ বিষয়ে দেশের কোনো মিডিয়া বা প্রশাসনের কাছে কোনো তথ্য নেই। তারা বলছে তিনজন অপহৃত, কিন্তু বাস্তবে যাদের নাম বলছে, তারা সবাই মোংলায় নতুন জামা-কাপড় পরে দিব্যি ঘুরে বেড়াচ্ছে!
মোংলা পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মনির এনসিপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “মোংলায় এনসিপি দলের ভেতরে কোকিল ঢুকে পড়েছে। কোথা থেকে এসেছে এতগুলি কোকিল, কতটি ডিম পেড়েছে—গুনে দেখুন। না হলে অশান্তির দায় আপনাদেরই নিতে হবে।
পথসভায় সভাপতিত্ব করেন পৌর শ্রমিক দলের সভাপতি আলতাব হোসেন। প্রধান অতিথি ছিলেন বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র জুলফিকার আলী। আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম এবং সাবেক প্যানেল মেয়র মো. আলাউদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত