আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলার বাইপাস মোড় এলাকায় আজ বুধবার (৩০ এপ্রিল) দুপুরে একটি ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়।
শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী পরিচালিত এই অভিযানে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সায়ীদ মুহাম্মদ। অভিযানকালে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল্লাহ-আল-মামুন।
অভিযানে ৫টি যানবাহনের বিরুদ্ধে মোট ৪,০০০/- (চার হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ১১টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
শুধু আইন প্রয়োগেই নয়, অভিযানের অংশ হিসেবে পরিবহন চালকদের সচেতন করতে লিফলেট বিতরণ এবং যানবাহনে ‘শব্দদূষণ মুক্ত পরিবেশ চাই’ শীর্ষক স্টিকার সংযুক্ত করা হয়। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সাধারণ মানুষের শ্রবণস্বাস্থ্য ও মানসিক প্রশান্তি রক্ষায় শব্দদূষণ প্রতিরোধ জরুরি এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তারা আরও জানান, শুধু প্রশাসনিক উদ্যোগ নয়, শব্দদূষণ রোধে নাগরিকদের সচেতনতা ও দায়িত্ববোধই পারে পরিবেশকে বসবাসযোগ্য করে তুলতে।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত