
গাজীপুরের শ্রীপুরে ভেজাল সার তৈরির একটি কারখানার সন্ধান পেয়ে তার গুদামে অভিযান চালিয়ে ১৮ টন ভেজাল সার ও কাঁচামাল জব্দ করে প্রশাসন।
এ সময় উৎপাদনে ব্যবহৃত সকল সরঞ্জামাদি জব্দপূর্বক কারখানা তালাবদ্ধ করা হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজিব আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের একটি তালাবদ্ধ গুদামে এ অভিযান চালানো হয়।
অভিযানে ভায়াডিন, বাসুডিন, গ্রোজিংক, জিংক প্লাস, গ্রোজিংক প্লাস, জিপসাম সার, ফরফুরান, রোটনসহ বিভিন্ন ধরনের ভেজাল ও জৈব সারের নামে প্রস্তুতকৃত সার জব্দ করা হয়। পাশাপাশি ভেজাল সার তৈরিতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ ও কাঁচামাল উদ্ধার করা হয়।
জব্দ করা ভেজাল সারের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ বলেন, ভেজাল সার উৎপাদন ও বাজারজাতের গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১৮ টন ভেজাল সার, কাঁচামাল ও উৎপাদনে ব্যবহৃত সকল সরঞ্জামাদি জব্দপূর্বক কারখানা তালাবদ্ধ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা বলেন, স্থানীয় এক গণমাধ্যম কর্মীদের মাধ্যমে খবর পান এমসি বাজার-বরমী সড়কের ইসমাইলের মোড়ের নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় প্যাকেটজাত করা হচ্ছে। খবর পাওয়ার সাথে সাথে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান। অভিযানের সময় নকল আলিফ জিপসাম ৮টন, পাওয়ার জৈবসার ২টন, শক্তি জিংক প্লাস ২টন, গ্রোজিং দেড় টন, রোটন প্লাস ৪২৫ কেজি, জিপসামের কাঁচামাল সোয়া (১.২৫) টন, জিংকের কাঁচামাল ৫৫০ কেজি, ইটের গুড়া ৯৫০ কেজি, খোলা জিপসাম দেড় টন, ডায়াজিনান ২৬ কেজি, ফরফুরান ১৫ জি ২০ কেজি সার জব্দ করা হয়। জব্দকৃত সারের আনুমানিক বাজার মূল্যে ১৮ লাখ ৪০ হাজার ৩০০ টাকা। এসময় নকল সার তৈরির একটি মেশিন জব্দ করা হয়। কৃষকরা এসব ভেজাল সার ব্যবহার করলে ফসলের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতো।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুল আলম ও আফরোজা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র পাল।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত