গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি মুরগি বাজার এলাকায় বনের জায়গার উপর অবৈধভাবে গড়ে ওঠা ৫৬টি স্থাপনা যৌথ বাহিনীর অভিযানের মাধ্যমে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হচ্ছে।
শনিবার(২৬ এপ্রিল) সকাল ৯ টা থেকে আনসার, পুলিশ, বিজিবি,র্যাব এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হচ্ছে।
তেলিহাটি ইউনিয়নের তালতলা, উত্তর পেলাইদ,সাঁইতালিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ বলেন,এই এলাকায় বনবিভাগের জমির ওপর অবৈধভাবে স্হাপনা নির্মাণকারী প্রায়৫৬ টি পরিবাররকে তাদের স্হাপনা থেকে ব্যবহৃত মালামাল সরিয়ে নিতে ইতিপূর্বে নোটিশ প্রদান করা হয়েছে। এলাকায় মাইকিং করা হয়েছে।ইতিপূর্বে তাদেরকে জানিয়েই অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে আমরা লক্ষ্য করেছি ইতিপূর্বে অনেকেই তাদের মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।আবার অনেকেই কর্ণপাত করেনি। তিনি জানান এ অভিযানে কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি।
এ অভিযানে শতবর্ষী এবং অর্ধশতবর্ষী বাসিন্দাদের কান্নায় আকাশ বাতাস বাড়ি হয়ে যাচ্ছে। তাদের দীর্ঘদিনের বসতবাড়ি গুলো চোখের সামনে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার দৃশ্য দেখে তারা কান্নায় ভেঙ্গে পড়ছে। এ অভিযানে সর্বস্বান্ত হয়ে অনেক নারী পুরুষকে একসাথে আহাজারি করতে দেখা গেছে।
তালতলী গ্রামের বাসিন্দা ৮০ বছর বয়সী হালিম উদ্দিন জানান,তার বাবার হাতে তৈরী শত বছরের বসত ভিটা ভাঙার নোটিশ পেয়ে হতাশাগ্রস্ত হয়ে আমি মৃত্যুশয্যায় রয়েছি। নোটিশ প্রাপ্ত অনেকেই জানান, তারা তাদের মালামাল সরিয়ে নেওয়ার মতো কোন জায়গা নেই। অনেকেরই খোলা আকাশের নিচে থাকা ছাড়া কোন জায়গা নেই।
স্থানীয় বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী মো. আবদুল্লাহ আল মামুন বলেন, তাঁর বাড়ি উচ্ছেদ করার ফলে পরিবার নিয়ে বিপাকে পড়েছেন তিনি। অপর বাসিন্দা সোহেল রানা বলেন, তাঁর তিনটি ঘর উচ্ছেদ করা হয়েছে। বহু বছর ধরে তাঁরা এই জমিতে পরিবার নিয়ে বসবাস করছেন। উচ্ছেদের ফলে তাঁরা ভিটেবাড়িশূন্য হয়ে পড়েছেন।
মুরগির ব্যবসায়ী মাসুদের পোল্ট্রি ফার্মটিতে ডিম দেয়ার কয়েক হাজার মুরগি সেট থেকে বের করে খোলা আকাশের নিচে ফেলে রেখেছে। এতে তার ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হবে বলে তিনি দাবী করেন।
শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মুখলেছুর রহমান বলেন, বন বিভাগের জায়গার উপর অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদের ধারাবাহিক অভিযান পরিচালিত হচ্ছে। তিনি জানান, সাম্প্রতিক সময়ে অবৈধভাবে দখলে নেওয়া বনভূমি উদ্ধারে অগ্রাধিকার ভিত্তিতে অভিযান পরিচালিত হচ্ছে। এ অভিযানে বন বিভাগের চার একর জমি উদ্ধার করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দিয়েছেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত