হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে (ঢাকা মেট্রো- ব ১৫৩১৭৯) লাকী এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ২জন গুরুতর সহ ৩৫ জন যাত্রী আহত হয়।
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ভোরের দিকে লাখাই আঞ্চলিক মহাসড়কের করাব রাঢ়িশাল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। লাখাই থানা পুলিশ ও স্থানীয়রা জানায় ভোর সকালে ঢাকা থেকে আজমীরীগঞ্জ যাত্রী নিয়ে যাওয়ার পথে লাকী এক্সপ্রেস পরিবহনের একটি দ্রুতগতির বাস উল্টে সড়ক থেকে নিচে পড়ে যায়। এ সময় বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন।
খবর পেয়ে লাখাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের খবর পাওয়া যায়নি। বাসের আহত ছাড়া অন্যান্য যাত্রীরা জানায়, রাতে ঢাকা থেকে ছেড়ে আজমীরীগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় লাকী এক্সপ্রেস পরিবহনের বাসটি।
বিশ্ব রোড এলাকা থেকে বেপরোয়া গতিতে চালাতে থাকেন চালক। যাত্রীরা বার বার সাবধান করলেও তিনি কারও কথাই শোনেননি। পরে লাখাই আঞ্চলিক মহাসড়কের করাব রাঢ়িশাল সংলগ্ন এলাকায় পৌঁছলে বাসটি উল্টে সড়ক থেকে নিচে পড়ে যায়। এসময় অন্তত ৩৫ জন আহত হন। লাখাই থানার অফিসার ইনচার্জ বন্দে আলী বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি বাসটি সড়ক থেকে নিচে পড়ে আছে।
সেখানে কোনো যাত্রী ছিল না। আমরা পৌঁছার আগেই আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠায় স্থানীয়রা। কোনো নিহতের খবর আমরা পাইনি। বাসাটি উদ্ধারের কাজ চলছে।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত