
গাজীপুর সাফারি পার্কে গভীর রাতে অবৈধ অনুপ্রবেশ করায় ১১ যুবককে আটকের পর থানায় সোপর্দ করেছেন পার্ক কর্তৃপক্ষ।
শনিবার(২৭ সেপ্টেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয, গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে গাজীপুর সাফারি পার্কে অবৈধভাবে প্রবেশের দায়ে ১১ জন যুবককে আটকের পর শ্রীপুর থানায় সোপর্দ করা হয়েছে।
সাফারি পার্কের বন কর্মকর্তা আনিসুজ্জামান বাদী হয়ে ১১ যুবকের নামে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন।
সাফারি পার্কের স্টাফ, কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত সদস্যরা রাত্রিকালীন টহলের সময় পার্কের শিশুপার্ক এলাকায় তাদের ঘোরাফেরা করতে দেখেন। জিজ্ঞাসাবাদে তারা জানান, ঘুরতে বের হয়ে ভুলবশত পার্কের অভ্যন্তরে প্রবেশ করেছেন।
যদিও পার্কে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, তবে গভীর রাতে অবৈধ অনুপ্রবেশের কারণে তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়। পরবর্তীতে ট্যুরিস্ট পুলিশ ও শ্রীপুর থানা পুলিশের সহযোগিতায় ১১ জনকে থানায় সোপর্দ করা হয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, তাদের বিরুদ্ধে বণ্যপ্রাণী সংরক্ষক আইনে মামলা হয়েছে। শনিবার তাদের কারাগারে পাঠানো হয়েছে।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত